Top News

ড. ইউনূসকে শেখ হাসিনার চ্যালেঞ্জ, ‘আমার দুর্নীতি খুঁজে বের করুন’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দুর্নীতি খুঁজে বের করুন। আমিও জানতে চাই, আমি সোনার বাংলা গড়ে মানুষের জীবনের মানোন্নয়ন করে কী এমন অপরাধ করেছি? আমার অপরাধ, আমি সাধারণ মানষের উন্নতির জন্য কাজ করেছি। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে। 

রবিবার ( ৮ ডিসেম্বর) লন্ডনের মিলনার রোডে ভার্চুয়াল বক্তৃতায় শেখ হাসিনা এই মন্তব্য করেন। 

শেখ হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার বলছে শেখ হাসিনার বিচার করবে। কী বিচার করবে? আমি কী অন্যায় করেছি? আমার হাত দিয়ে কোনো খুন হয়নি। আমি মানুষের জীবন নিতে ক্ষমতায় যায়নি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে। মন্দির, গির্জা ধ্বংস করা হয়েছে। তবে এই অন্ধকার শীঘ্রই কেটে যাবে। নতুন সূর্য উদিত হবে।

শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন ‘অরাজকতা’ চলছে। নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে। তার কথায়, ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই। চুরি, ডাকাতি হচ্ছে। যে কোনো সময় তদন্ত হতে পারে। এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন?’  বাংলাদেশের মানুষের এখন ‘ন্যায়বিচার’ চাওয়ার অধিকার নেই। 

তিনি বলেন,  ১৫ জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করা হয়েছে। জনবিক্ষোভের সময় তিনি ‘শক্তি প্রয়োগ’ করেননি। যদি তা করতেন, তা হলে বহু মানুষের প্রাণ যেত। আমি শক্তি প্রয়োগ করলে লাশ পড়তো। আমি চাইনি মানুষের প্রাণ যাক। পুলিশ রাবার বুলেট ব্যবহার করেছে।  যত হত্যাকাণ্ড হয়েছে, আগুন ধরানো হয়েছে, তদন্ত করে তাদের বিচার করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 

শেখ হাসিনা বলেন, জঙ্গি, দুষ্কৃতী, অপরাধীদের জেলমুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী। অন্যদিকে ৩০ হাজার মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ১৫ আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি, তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। এসময় বিজয়ের মাসে ‘৭১-এর শহিদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।

আবেগ ভরা কণ্ঠে শেখ হাসিনা বলেন, আজকে ঘরে ঘরে লুটপাট চলছে। দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না। কার কাছে বিচার চাইতে যাবে মানুষ! এরা পুলিশকেও মেরে ঝুলিয়ে দিয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দাবি করেন, অধিক মানুষের মৃত্যু চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন।

1 Comments

Post a Comment

Previous Post Next Post