Top News

About

সংবাদপত্রকে বলা হয় একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। 

সংবাদপত্র একটি দেশের তৃণমূল হতে শুরু রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে বিশাল ভূমিকা পালন করে থাকে। 

দেশের প্রতিটি মানুষ প্রতিনিয়তই জানতে চায় দেশের কোথায় কি হয়েছে। হোক সে শিক্ষিত বা মূর্খ। দেশের খবর জানার অধিকার রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষের রয়েছে। আর খবর জানার আগ্রহ মানুষের অন্যতম আদিম প্রবৃত্তি। হোক ভাল বা মন্দ খবর। 

যদিও বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তাৎক্ষণিক ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সাথে সাথে প্রচার করে থাকে। তার পরও মানুষের বিস্তারিত জানার জন্য আগ্রহ থাকে। আর সেই ঘটনার পুরোকাহিনী তিলে তিলে তুলে ধরে সংবাদপত্র।

আধুনিক সংবাদপত্র ঘটিত বা সংঘটিত বিষয়ের বিবরণই শুধু পরিবেশন করে না, তার ভূমিকা বিশাল ও বিচিত্র। জীবন ও জগতের সবকিছুই তার উপজীব্য।

জীবনের সঙ্গে যুক্ত যেকোনো গুরুতর বিষয়ের দার্শনিক ভিত্তি যদি শক্ত না হয় তাহলে তা দিয়ে মানুষের কল্যাণ হয় না। সংবাদপত্রের দর্শন রয়েছে এবং রয়েছে সাংবাদিকতার নৈতিক ও দার্শনিক ভিত্তি। পৃথিবীতে অনেক আগে যখন বিদ্যুৎ ছিল না। তখন বিদ্যুৎ কী জিনিস, তা মানুষ জানত না। কিন্তু বিদ্যুৎ নেই বলে সে সময়ে রাষ্ট্র বা সমাজ জীবনের কোন কাজ থেমে থাকেনি। কিন্তু এখন যদি বিশ্বব্যাপী কোনো একটি দিন বিদ্যুৎ বন্ধ থাকে, তাহলে মানুষের যে ক্ষতি হবে, তা বিদ্যুৎ আবিষ্কারের আগের ১০০ বছরেও হয়নি। ছাপা সংবাদপত্রের বয়স চার শ বছর। তার আগে সংবাদপত্র ছিল না। তখনো পৃথিবী যথানিয়মে চলেছে। কিন্তু আজ যদি সংবাদপত্র বা সংবাদমাধ্যম মাত্র একটি দিন বন্ধ থাকে, তাহলে মানবসমাজের কী অবস্থা হবে, তা কল্পনা করাও অসম্ভব।

সমাজের কায়েমি স্বার্থকে আঘাত করা সংবাদপত্রের এখন একটি বড় দায়িত্ব। কায়েমি স্বার্থ সংঘবদ্ধ, কিন্তু সংবাদপত্র ও সাংবাদিককে লড়তে হয় একা। তাঁর নিঃসঙ্গ লড়াইয়ে তাঁর সঙ্গী না থাকলেও তাঁর সমর্থক অগণিত। সেটাই সংবাদপত্রের শক্তি।যেসব দেশে গণতন্ত্র নেই, স্বাধীন সংবাদপত্র নেই অথবা থাকলেও তা সরকারেরই মুখপত্র, জনগণের মুখপত্র নয়, সেসব দেশের মানুষের দুর্দশার অন্ত থাকে না। 

সাংবাদিকের নৈতিক আদর্শ না থাকলে এবং ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে শঠতা ও প্রবঞ্চনার প্রবণতা থাকলে সাংবাদিকতার নামে সমাজ বা রাষ্ট্রীয় জীবনে অপতৎপরতা হতে পারে। সংবাদপত্রকে থাকতে হয় সত্যের পক্ষে, সেটাই তার দার্শনিক ভিত্তি।

পত্রিকার এখন প্রধান কাজ গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে অবিচল থাকা। মানুষের চেতনার মান উন্নত ও শাণিত করাও সংবাদপত্রের অন্যতম দায়িত্ব।

Post a Comment