গেল সপ্তাহে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক জালিয়াতির খবর সামনে আসে।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চুপ থাকায়, আদানি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় দলটির নাম। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানায় বিরোধী দলগুলো। তবে, নিয়ম না থাকায় অনুমতি মেলেনি।
সোমবার (২৫ নভেম্বর) দেশটির পার্লামেন্টে আদানির দুর্নীতি মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরই শুরু হয় বিশৃঙ্খলা।
বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইনপ্রণেতারা। উত্তেজনা বাড়তে থাকায় মুলতবি করা হয় পার্লামেন্ট। বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে কংগ্রেস আদানি এবং নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। কংগ্রেস সভাপতির দাবি, আদানির জন্য বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

Post a Comment